সৈয়দপুরে রেলের জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

সৈয়দপুর রেলওয়ের ভূ-সম্পদ ও কোয়ার্টার দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটে সোমবার রাতে শহরের গোলাহাট রেল কলোনীতে। কলোনীর অধিবাসী ও রেলওয়ে কর্মচারি শহিদুল ইসলাম হিটলার চৌধুরীর বাহিনীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছেন। এদিকে এসব সম্পদ অবৈধ দখলমুক্ত করতে সর্বদলীয় রেল শ্রমিক সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল করে শহরের গোলাহাট রেল কলোনী এলাকায়। নির্যাতনের শিকার রেল শ্রমিক শহিদুল ইসলামের অভিযোগ, গোলাহাট রেল কলোনীর এ ব্লকের ৯৩৯ নম্বর কোয়ার্টার বরাদ্দ নিয়ে বসবাস করে আসছি। ঘটনার দিন রাতে দখলবাজ ও আওয়ামী লীগ নেতা সাবেক পৌর প্যানেল মেয়র হিটলার চৌধুরী ওই কোয়ার্টারটি দখল করতে আসেন। তার এ অবৈধ দখলে বাধা দেয়ায় তিনি এবং তার বাহিনীর সদস্যরা আমাকে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। পরে আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগেও সে (হিটলার চৌধুরী) আমার নামে বরাদ্দকৃত কোয়ার্টার জবরদখল করে বিক্রি করে দেয়। অভিযুক্ত হিটলার চৌধুরী মুঠোফোনে জানান, শহিদুল আমার ডাকে সাড়া না দিলে আমি তাকে একটি চড় মেরেছি মাত্র। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল আলম চৌধুরী জানান, অচিরেই রেলওয়ের ভূ-সম্পদ ও কোয়ার্টার অবৈধ দখলমুক্ত করা হবে।