বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা টেন্ডার প্রথা বাতিলসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে গত সোমবার দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভসহ খনির ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, টেন্ডার প্রথায় তৃতীয়পক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৪৭জন শ্রমিক এক যুগ ধরে দক্ষতার সাথে খনিতে কাজ করে আসছে। অথচ চাকরি স্থায়ীকরণ না হওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐসব শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের চাকরি স্থায়ী করা হলে খনিতে দক্ষ শ্রমিকের প্রয়োজন মেটার পাশাপাশি খনির কার্যক্রম আরো গতিশীল হবে।