উডসের নতুন রোমাঞ্চ

গলফে চৌদ্দটি মেজর শিরোপা জেতা টাইগার উডস এবার মজেছেন স্কি তারকা লিন্ডসে ভনের প্রেমে। আমেরিকার ক্রীড়াঙ্গনের এই দুই আইকন গত সোমবার দুটি পৃথক টুইটার বার্তায় স্বীকার করেন তাদের এই নতুন প্রেমের কথা। বেশ কিছুদিন ধরেই বাতাসে ভাসছিল উডসের নতুন বন্দরে নোঙ্গর করার খবরটা। পাত্রীও অচেনা কেউ নন। তিনি অ্যালপাইন স্কি রেসার এবং এই খেলার বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকাদের একজন। তবে দু’জনের কেউই স্বীকার করছিলেন না প্রেমের খবরটা। অবশেষে দু’জনেই একসাথে নিরবতা ভাঙলেন। ভন টুইটারে প্রাথমিকভাবে এ ব্যাপারে জানানোর পর একটি দীর্ঘ ফেসবুক বার্তায় খোলাখুলি বলেছেন সবকিছু। একই সাথে প্রকাশ করেছেন দু’জনের অন্তরঙ্গ বেশ কয়েকটি ছবিও। ভন গত সোমবার টুইট করেন,‘আমার মনে হয় না খবরটাকে খুব গোপনীয়তার সঙ্গে আমি রক্ষা করতে পেরেছি। হ্যাঁ,আমি টাইগার উডসের সঙ্গে ডেট করেছি।’ মাত্র দ্বিতীয় মহিলা অ্যাথলেট হিসাবে চারটি স্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা ভন তার ফেসবুক বার্তায় আরো লেখেন,‘আমাদের সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধু হিসাবেই। তবে গত কয়েক মাসে সেটি বন্ধুত্বের চেয়ে বেশি কিছুতে পরিণত হয়েছে এবং আমি এ ব্যাপারে খুবই খুশি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ পুরো ব্যাপারটা নিজেদের, কাছের বন্ধু এবং আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ।’ বেশ কয়েকজন মহিলার সাথে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার খবর প্রকাশিত হবার পর ২০১০ সালে উডসের সাথে তার সাবেক স্ত্রী এলিন নরডেগ্রেনের ডিভোর্স হয়ে যায়। এই ঘটনার ফলশ্রুতিতে উডসকে হারাতে হয় বেশ কয়েকটি দামী বাণিজ্য দূতিয়ালির চুক্তি। গলফ থেকে সাময়িকভাবে দূরেও সরে যান উডস। ফিরে আসার পরে গত বছর ঠিক এই সময়ে আর্নল্ড পালমার ইনভাইটেশনাল জেতেন। যেটি ছিল ত্রিশ মাসে তার প্রথম শিরোপা। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা উডস চলতি বছরে এরই মধ্যে দুটি শিরোপা জিতে নিয়েছেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উডসের জন্য সৌভাগ্যই বয়ে নিয়ে এসেছেন ভন। জ্যাক নিকোলাসের রেকর্ড ১৮ টি মেজর শিরোপা জয়ের রেকর্ড থেকে চার ধাপ দূরে থাকা উডস কথা বলেছেন দুটি বিষয়েই,‘ দারুণ একটা মৌসুম যাচ্ছে। টরে এবং ডোরালে শিরোপা জিততে পেরে আমি খুবই খুশি। আর কোর্টের বাইরে দারুণ একটা ঘটনা ছিল লিন্ডসে ভনের সাথে দেখা হওয়াটা। লিন্ডসে এবং আমি কিছুদিনের জন্য শুধুই বন্ধু ছিলাম। কিন্তু গত কয়েক মাসে আমরা খুবই ঘনিষ্ঠ হয়ে পড়ি এবং এখন আমরা ডেট করছি। আমাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০১০ সালে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা মহিলা তারকার সম্মাননা পাওয়া ভন তিন বছর আগে বিয়ে করেছিলেন সতীর্থ টমাস ভনকে। ২০১১ সালে দু’জনে তাদের ডিভোর্সের প্রক্রিয়া চলছে বলে ঘোষণা দেন এবং এ বছরের ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে।-এএফপি