দুই পিকেটারের কারাদণ্ড

রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল ছোঁড়ার দায়ে দুই পিকেটারকে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোশাররফ হোসেন ও মনু মিয়া। মতিঝিল থানার অফিসার ইনচার্জ হায়াতুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিল ইডেন মসজিদের সামনে মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা পরপর ৩টি ককটেল বিস্ফোরণ এবং একটি মিনিবাসে ও ব্র্যাক ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকেই মোশাররফ হোসেন ও মোহসীন বাহাদুরকে আটক করে। এ ঘটনায় মোশাররফকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সকাল ১১টার দিকে সবুজবাগের মাদারটেক মোড় এলাকায় পেট্রোল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টাকালে পুলিশ মনু মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোতল ভর্তি পেট্রোল। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকেও এক বছরের কারাদণ্ড দেন।