মুজিবনগর দিবস পালনে ব্যাপক কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালনের লক্ষ্যে এক আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এতে সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ এপ্রিল সুর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে। এরপর সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান ও স্মৃতিসৌধ সংলগ্ন শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দিবসটির তাত্পর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়া উন্মুক্ত স্থানে ও প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ ও ১৮ এপ্রিল দুইদিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাত্পর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।