অগ্নিদগ্ধ সোহেলের অবস্থা আশঙ্কাজনক

হরতাল চলাকালে রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় পিকআপ ভ্যানে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ সোহেলের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রফেসর সাজ্জাদ খন্দকার জানান, অগ্নিদগ্ধ সোহেলের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে সোহেলের চিকিত্সা চলছে। একদিন পরপর ড্রেসিং করা হবে। এক সপ্তাহ পর তার অবস্থা দেখে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে, হাতিরঝিলে প্রাইভেট কার লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতল ছুঁড়ে মারায় অগ্নিদগ্ধ ডা. রাকিবুল আলম ডিউকের চিকিত্সা চলছে। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতালে অগ্নিদগ্ধদের চিকিত্সার খোঁজ-খবর নিতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের রাজনীতির ভাষা পরিবর্তন হওয়াটা জরুরি। রাজনীতি বলে এভাবে চিকিত্সকদের বোমা মেরে আহত করা নয়।’ ডা. রাকিবুল আলম ডিউকের বার্ন ইউনিটে চিকিত্সা চলছে। ঢাকা মেডিক্যাল কলেজের ৯ জন চিকিত্সকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিত্সা করছে।