হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২১:৫২
১৮ দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার সকাল সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, দু’দিনের হরতাল চলাকালে প্রথম দিন ৭ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং ৮ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয় ও মিথ্যা মামলা দায়ের করা হয়। রাজশাহীতে জামায়াতে ইসলামীর নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আওয়ামী সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর কর্মী মোক্তার হোসেনের হাত-পায়ের রগ কেটে দেয় এবং তার স্ত্রী আয়েশা বেগমের বাম হাতের ৪টি আঙ্গুল কেটে নিয়ে যায়। জামায়াতে ইসলামীর কর্মী আলমগীর হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে, আসবাবপত্র ভস্মীভূত করে, গবাদিপশুও আগুনে পুড়ে যায়। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল হরতাল চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, দিনাজপুর, বরিশাল, রংপুর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আহত হয় অর্ধশতাধিক। সরকার দলীয় ক্যাডাররা সিরাজগঞ্জে মানুষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।