কুষ্টিয়ায় রিমি হত্যা মামলার
মূল আসামি গ্রেফতার
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:০২
কুষ্টিয়ার মিরপুরে চাঞ্চল্যকর স্নিগ্ধা আক্তার রিমি (২০) হত্যা মামলার মূল আসামি শিহাব উদ্দিন শিশিরকে টাঙ্গাইলে তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ আটক করেছে।
মিরপুর থানার এস.আই জানান, সোমবার রাতে টাঙ্গাইলের ভুয়াপুর থানা পুলিশের সহায়তায় শিশিরকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া আদালতে হাজির করলে শিশির ১৬৪ ধারায় তার জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে রিমি হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র শিশির ও একই বিশ্ববিদ্যালয়ের অর্নাসের ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমি পরিবারের অসম্মতিতে গোপনে বিয়ে করে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শিশির, রিমিকে তার নিজের জন্মদিনের কথা বলে মিরপুর উপজেলার নওদা বহলবাড়ীয়ায় খালার বাড়ীতে নিয়ে আসে। ওইদিন রাতে রিমিকে শ্বাসরোধ করে হত্যা করে নওদা বহলবাড়ীয়া বাজারের শরীফ মার্কেটের পিছনে লাশ ফেলে রেখে গা-ঢাকা দেয় শিশির।