ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:০৪
রাজধানীতে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃৃৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- কামরুজ্জামান মিল্টন (২৭), রিনা আক্তার (১৮), সুলতান মাহমুদ (৩৫), ফারুক মিয়া (২৭), শরীফ (২০) ও সুভাষ চন্দ্র সরকার। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এসব লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই আনোয়ার কামাল জানান, সোমবার রাত ২টার দিকে তেজগাঁও কাওরানবাজার বস্তির রেললাইনের পাশ থেকে কামরুজ্জামান মিল্টনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি ট্রেনের ধাক্কায় নাকি অন্য কোনভাবে নিহত হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য মিলেনি। মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে কামরুজ্জামান থাকতেন। তার স্ত্রীর নাম ফারজানা আক্তার। মিরপুর ১৩ নম্বর সেকশনে কামরুজ্জামানের একটি দোকান রয়েছে। কামরুজ্জামানের বাবা আবুল কালাম অভিযোগ করেছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।
এদিকে ভাসানটেক থানা পুলিশ জানায়, সোমবার রাতে ভাসানটেক থানাধীন শহীদ মাঈনুল রোড আবাসিক এলাকার ৬৯/বি নম্বর বাড়ি থেকে গৃহপরিচারিকা রিনা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিনার গৃহকর্তা একজন সেনা কর্মকর্তা। তার বরাত দিয়ে ভাসানটেক থানার এসআই বেলাল হোসেন বলেন, রিনার পিতার নাম রমজেদ প্রামাণিক। গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার হাট গোবিন্দপুর গ্রামে। ঐ গ্রামের এক যুবকের সঙ্গে রিনার প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমিক রিনার প্রেম প্রত্যাখ্যান করায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রিনা।
অন্যদিকে শেরে বাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও হানিফ মডেল স্কুলের দক্ষিণ পাশের একটি বাড়ি থেকে সুলতান মাহমুদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার পিতার নাম দেলোয়ার হোসেন। বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার বড়ুরা গ্রামে। শেরেবাংলা নগর থানার এস আই সাইফুল ইসলাম জানান, গতকাল দুপুর ২টা ২০ মিনিটে খবর পেয়ে সুলতানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ সড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সুভাষ চন্দ্র সরকার । তিনি মতিঝিল কমার্শিয়াল ব্যাংকের ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। পুলিশ বাসটি আটক করেছে। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাহআলী থানাধীন উত্তর বিশিল এলাকার নতুন রাস্তার একটি বাড়ি থেকে ফারুক মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে। ওদিকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শাহবাগ থানাধীন হাবিবুল্লাহ রোডের একটি গ্যারেজের লোহার আড়ার সঙ্গে ঝুলে থাকা শরীফ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এস আই আনোয়ারুল ইসলাম বলেন, মৃত্যর কারণ অনুসন্ধানের জন্য ময়না তদন্ত করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এলাকায়।