চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে সরব ধর্মভিত্তিক দলগুলো
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:২৪
চট্টগ্রামের রাজনীতির মাঠে সামপ্রতিক সময়ে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনসমূহ সবচেয়ে বেশি সরব রয়েছে। ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ব্যানারে কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন আল্লাহ ও রসুল (স.) এর বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেছে। অন্যদিকে সুন্নী মতাদর্শভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা এবং ত্বরিকত পন্থি প্রগতিশীল ইসলামী জোট প্রায় প্রতিদিনই জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশ করছে। তবে এরা অভিযোগ তুলেছে, রাজনৈতিক দল না হয়েও ‘হেফাজতে ইসলাম’ পরোক্ষভাবে জামায়াত-শিবিরকে সমর্থন করছে। হেফাজতে ইসলাম যে জামায়াত-শিবিরের সাথে নেই, তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে দলগুলো। এদিকে দেশের প্রধান দুই রাজনৈতিক দলও এইসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের দিকে ঝুঁকে পড়েছে।
সম্প্রতি স্থানীয় জামেয়া আহমদিয়া সুন্নীয়ার ১০ ওলামা-মাশায়েখকে হত্যা প্রচেষ্টার অভিযোগে শিবিরের কয়েকজন কর্মী-সমর্থক আটকের পর ইসলামী ফ্রন্ট চট্টগ্রামে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ শুরু করে। তাদের সাথে যোগ দেয় ত্বরিকতপন্থি প্রগতিশীল ইসলামী জোট। এরা যৌথভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে আন্দোলন করছে।
অন্যদিকে হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না হলেও এর সাথে থাকা কিংবা সমর্থনকারীদের অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। প্রগতিশীল ইসলামী জোটের প্রধান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, হেফাজতে ইসলাম মূলতঃ শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের বিরুদ্ধে আল্লাহ ও রসুল সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগ এনে তাদের শাস্তির দাবি করে আসছে। তাদের আন্দোলনে বিএনপি ও জামায়াত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নজিবুল বশর আরো বলেন, হেফাজতে ইসলামকে ঘোষণা দিতে হবে যে, তারা জামায়াত-শিবিরের সাথে নেই। সে ক্ষেত্রে একসাথে না হলেও আলাদাভাবে তারা আল্লাহ ও রসুল (স.) এর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে গণআন্দোলন করবেন।
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সরাসরি বিরোধিতাকারী হওয়ায় আওয়ামী লীগসহ ১৪ দল এবং অন্যান্য বাম সংগঠন হেফাজতে ইসলামকে সমর্থন করছে না। বরং সংগঠনটি পরোক্ষভাবে জামায়াত-শিবিরকে সমর্থন করছে বলে অভিযোগ উঠেছে। যদিও হেফাজতে ইসলাম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামী ছাড়া অন্য সকল ধর্মীয় রাজনৈতিক দল ও সংগঠন তাদের সাথে রয়েছে। এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক বলেন, আল্লাহ-রসুলের কটূক্তিকারীদের শাস্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল ও সংগঠন এই ব্যানারে ন্যূনতম ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছেন। তবে এর সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রথিতযশা পীর সাহেবদের আলাদা-আলাদা মতাদর্শ রয়েছে বলে তিনি স্বীকার করেন।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লাহ-রসুলের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ঢাকার গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দকে চট্টগ্রামে সমাবেশ করতে দেয়া হয়নি। গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের শাস্তির দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।