গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা নিহত
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:২৫
গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত সোমবার রাতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম মো. আবদুর রউফ সিকদার (৬০)। তিনি গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া উত্তরপাড়া এলাকার মৃত সিরাজউদ্দিন সিকদারের ছেলে। আবদুর রউফ সিকদার স্থানীয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুর রউফ সিকদার গত সোমবার রাতে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদীর পাড় এলাকায় মাছের প্রজেক্টের সভা শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ১০০ গজ দূরে আসা মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা রউফের পেটে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিত্কারে স্ত্রীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রউফকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ছোট ভাই বেলায়েত হোসেন সিকদারকে (৫৫) আটক করেছে। ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকালে গ্রামের বাড়িতে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহতের একমাত্র ছেলে প্রকৌশলী নূরে আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার বাবাকে খুন করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খুনের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মুক্তিযোদ্ধা আবদুর রউফ খুনের ঘটনায় গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক ও ডেপুটি কমান্ডার এসএম মুজিবুর রহমান গভীর শোক জানিয়েছেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।