গাজীপুর প্রতিনিধি
বিজিএমইএয়ের সভাপতি ড. রুবানা হক বলেছেন, কর্মক্ষেত্রে শ্রমিক-মালিক ভেদাভেদ ভুলে যেতে হবে। নচেত্ ভাল কিছু করা যাবে না। সাংঘর্ষিক অবস্থানে যাওয়া যাবে না। দমন-পীড়নে কল্যাণ হয় না। শ্রমিকদের কল্যাণ না হলে মালিকদেরও কল্যাণ হবে না। যে কোনো সমস্যা আন্তরিকতা দিয়ে সমাধান করতে হবে।
তিনি গতকাল রবিবার বিকেলে গাজীপুরের গ্রীনভিউ রিসোর্ট সেন্টারে আসন্ন রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত শিল্প কলকারখানার নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিকেএমইয়ের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেন, হামীম গ্রুপের জিএম মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও মো. গোলাম সবুর।
রুবানা হক আরো বলেন, তৃতীয় পক্ষের উস্কানি ছাড়া কলকারখানায় কোনো গণ্ডগোল হয় না। তৃতীয় পক্ষ যাতে মাঝখানে দাঁড়াতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। মধ্যম স্তরের ব্যবস্থাপনায় সঠিক তথ্য দিচ্ছে কি না যাচাই করে দেখতে হবে।