র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের রিভিশন আবেদন গৃহীত

র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের রিভিশন আবেদন গ্রহণ করেছে আদালত। মামলার চূড়ান্ত প্রতিবেদনে নারাজী আবেদন খারিজ হওয়ায় গতকাল মঙ্গলবার লিমনের মায়ের পক্ষে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করা হয়। আদালত শুনানির জন্য আবেদনটি গ্রহণ করেন। এদিকে একই দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলার পূর্ব নির্ধারিত শুনানি হয়নি। এ মামলার চার্জ গঠন ও লিমনের অব্যাহতির আবেদনের শুনানির জন্য আগামী ২৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন বিচারক কিরন চন্দ্র হালদার। এসময় আদালতে লিমন উপস্থিত থাকলেও সরকার পক্ষের আইনজীবী সময় আবেদন করায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে লিমনের আইনজীবী আক্কাস সিকদার জানান, আগামী শুনানির তারিখে লিমনের অব্যাহতির আবেদন অগ্রাহ্য হলে ওই দিনই অস্ত্র মামলার চার্জ গঠন করা হবে। প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মো. তোফাজ্জেল হোসেনের ছেলে কলেজ ছাত্র মো. লিমন হোসেন র্যাবের গুলিতে আহত হয়ে পা হারায় বলে অভিযোগ রয়েছে। লিমনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে তার মা হেনোয়ারা বেগম ২০১১ সালের ১০ এপ্রিল র্যাবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পুলিশ ২০১২ সালের ১৪ আগস্ট র্যাবকে নির্দোষ দাবি করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। লিমনের মা ওই রিপোর্টের বিরুদ্ধে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি আবেদন দাখিল করেন। কিন্তু ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি আদালত আবেদনটি খারিজ করে দেন।