সত্যিকারের কোন ইসলামী দল এই সরকারকে সমর্থন করতে পারে না
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, এই সরকার লিখিত অঙ্গীকার করে এখন ইসলামী আদর্শকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। তাদের সত্যিকারের কোন ইসলামী দল সমর্থন করতে পারে না। ইসলামের নামে কোন ক্ষমতালোভী চিহ্নিত মহল ওই কায়েমি তাগুতি শক্তির পক্ষ অবলম্বন করে যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সচেতন দেশবাসীকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের হাত থেকে ইসলামকে বাঁচাতে হবে। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে ২৯ মার্চের জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সকল উপ-কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান মহাজোট সরকারের মোনাফেকির রাজনীতি সচেতন দেশবাসীর কাছে পরিষ্কার। আগামী নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার শত্রুদের ব্যালটের মাধ্যমে দেশবাসী প্রতিহত করবে। পীর সাহেব চরমোনাই বলেন, ২৯ মার্চ জাতীয় মহাসমাবেশের মাধ্যমে দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হল ইসলাম, তাই ইসলামকেই আগামী দিনের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মহাসমাবেশ সফলের লক্ষ্যে কর্মসূচির মধ্যে রয়েছে:২২ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জের ডিআইটি চত্বরে গণজমায়েত, ২৩ মার্চ দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৭ মার্চ বুধবার রাজধানীতে মহাসমাবেশের পক্ষে শ্রমিক সমাবেশ ও মিছিল, ২৮ মার্চ বৃহস্পতিবার ঢাকায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল। সভায় বাস্তবায়ন কমিটির ৫ সদস্যসহ ১১টি উপ-কমিটির দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।