৩ জেলায় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ প্রতিমা ভাংচুর
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:২৬
রংপুর, নেত্রকোনা ও কটিয়াদিতে গত সোমবার রাতে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও স্থানীয় শহীদ মিনারে অগ্নিসংযোগ এবং শ্রীপুরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ইত্তেফাকের সংবাদদাতারা এ খবর জানিয়েছেন।
পীরগাছা: রংপুরের পীরগাছায় রাতের আঁধারে এক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তাদের বসতবাড়ি ও গবাদিপশুসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া গ্রামে।
এলাকাবাসী জানায়, গ্রামের সংখ্যালঘু নীলকান্ত রায়ের বাড়িতে গত সোমবার রাত দুইটার দিকে কতিপয় দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুইটি টিনের ঘর, আসবাবপত্র, ধান, চাল, গবাদিপশুসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত নীলকান্ত রায় জানান, আমরা সংখ্যালঘু পরিবার হওয়ায় দুর্বৃত্তরা আমাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
নেত্রকোনা:সদর উপজেলার কে‘গাতি ইউনিয়নের বোবাহলা বাজারের হরিনাকুন্ডু গ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়ে হরিমন্দির ও কালিমন্দির গত সোমবার গভীর রাতে ভাংচুর করেছে।
মন্দির কমিটির সভাপতি নরেন্দ চন্দ চন্দ এবং সম্পাদক সুপ্লয় সেন জানান, গভীর রাতে কে বা কারা মন্দিরে হামলা চালিয়ে ৭টি প্রতিমা ভাংচুর করে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভিন এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল দাস এবং পুলিশের কর্মকর্তা মন্দির পরিদর্শন করেন।
শ্রীপুর: শ্রীপুরে দুষ্কৃতকারীরা কালিমন্দিরে হামলা চালিয়ে ৫টি প্রতিমা ভাংচুর করেছে। গত সোমবার রাতে অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা দক্ষিণপাড়া গ্রামের কালিমন্দিরের ৫টি প্রতিমা ভাংচুর করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শ্রীপুর থানার এস.আই জানান, রাতের বেলা দুষ্কৃতকারীরা কালিমন্দিরে হামলা চালিয়ে হিন্দুদের দেবতা কালী, লক্ষ্মী, যোগীনি, মহাদেব, রাগীনির প্রতিমা ভাংচুর করে। শ্রীপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নব নির্মিত শহীদ মিনারে সোমবার দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ভজন রায় দুর্বৃত্তদের শহীদ মিনারে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, উপজেলা নির্বাহী অফিসার ফারাহ্ গুল নিঝুম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সায়েম মঙ্গলবার কটিয়াদী থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।