পাবনায় পলিটেকনিক ছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২২:২৭
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র আবু মোতালেব রানাকে (২২) তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রানা পাবনা পৌর সদরের নয়নামতি পশ্চিমপাড়া এলাকার আলাউদ্দিন হোসেনের ছেলে।
নিহতের চাচা শিমুল হোসেন ও ছোট ভাই রাকিব হোসেন রাজু জানান, মঙ্গলবার দুপুরে ওবায়দুর রহমান ওবায়েদ নামের এক বন্ধু রানাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে কোন বিরোধের জের ধরে ওবায়দুর ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শিলাইদহ ঘাটে রানাকে পিটিয়ে ও ঘাড় ভেঙ্গে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। বেলা তিনটার দিকে গুরুতর আহত রানাকে তার বন্ধুরা পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে রানার লাশ উদ্ধার করে পুলিশ। রানার বন্ধুরা পলাতক রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া জানান, রানা তার কয়েক বন্ধুর সাথে শিলাইদহ ঘাটে ফুটবল খেলে ও পদ্মা নদীতে গোসল করে। লাফ-ঝাঁপ দিয়ে গোসলের এক পর্যায়ে ঘাড় ভেঙ্গে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রানাকে হত্যা করা হয়েছে না কি সে মারা গেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।