হিলি সীমান্তে পিলার ঘেঁষে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি চেকপোস্টের সীমানা পিলার ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার বেলা ১১টা থেকে দু’দেশের ২৮৫ মেইন পিলারের ৯, ১০ ও ১১ সাব-সীমানা পিলার ঘেঁষে জিরো পয়েন্ট দিয়ে বিনা বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এর আগে একই সীমান্তের বিপরীতে ৫০ গজ ভিতর দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বাধা দেয় ভারতীয় বাসিন্দারা। কিন্তু এবারে বিএসএফ বিনা বাধায় সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে বেড়া নির্মাণ করছে। বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডোর কর্নেল এমদাদুল হক পিএসসি ইত্তেফাককে জানান, দু’দেশের মধ্যে আলোচনার পর সীমান্তে চোরাচালান প্রতিরোধে এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। ইতিপূর্বে দু’দেশের আলোচনার পর হিলি সীমান্তে জিরো পয়েন্ট থেকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছিল। পরে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় প্রাচীর নির্মাণের কাজ দীর্ঘদিন স্থগিত ছিল। কিছুদিন পূর্বে বিএসএফ-বিজিবি এ ব্যাপারে আলোচনা হয়েছে। তারই ফলশ্রুতিতে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে।