বাংলাদেশে সংসদ চালায় ব্যবসায়ীরা, বেপজা চালায় সেনাবাহিনী

বাংলাদেশে শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম অধিকার সংস্থা ইনস্টিটিউট অব গ্লোবাল লেবার এন্ড হিউম্যান রাইটস। সংস্থাটি বলেছে, এদেশে জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা আর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। এখানকার শ্রমিকদেরও কম মজুরি দেয়া হয়। এ কারণে বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট তাদের বাংলাদেশ নির্ভরতা কমাচ্ছে। তারা ক্রমশ বাংলাদেশে তাদের ক্রয় আদেশ কমিয়ে কম্বোডিয়া, ভিয়েতনামে সরে যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক ফ্যাশন, বিউটি ও রিটেইল বিষয়ক দৈনিক উইমেন্স উইয়ার ডেইলিতে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে ইনস্টিটিউট অব গ্লোবাল লেবার এন্ড হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক চার্লস কারনেগহ্যামের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের প্রতি তাদের আস্থা নড়বড়ে হওয়ায় তুলনামূলক বেশি শ্রম মজুরির দেশ কম্বোডিয়া ও ভিয়েতনামে চলে যাচ্ছে ওয়ালমার্ট। বাংলাদেশে মজুরি বিশ্বে সর্বনিম্ন। এখানে শ্রমিকরা ঘণ্টা প্রতি ১৮ থেকে ২৬ মার্কিন সেন্ট পায়। অথচ চীনে এই হার এক ডলার ৩৪ সেন্ট। তিনি আরো বলেন, বাংলাদেশের সংসদ নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা আর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়া ও ভিয়েতনামে ঘণ্টা প্রতি মজুরি যথাক্রমে ২৯ ও ৫৫ সেন্ট। এতে ওয়ালমার্টের খরচ কিছুটা বাড়বে তবে সেখানে তারা অবকাঠামো সুবিধা পাবে। প্রতিবেদনে বাংলাদেশে শ্রমিক অধিকারের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। কারনেগহ্যামের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, শ্রম অধিকার বাস্তবায়নে বাংলাদেশকে বড় পদক্ষেপ নিতে হবে।