সিলেট অফিস
নগরীর সুবহানীঘাটে অবস্থিত কাঁচাবাজারের সামনে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পিকআপ স্ট্যান্ড, মেন্দীবাগ ও ল‘কলেজের সামনের অবৈধ গাড়ি স্ট্যান্ড গতকাল বিকালে গুঁড়িয়ে দিয়ে জনসাধারণের চলাচলের পথ সুগম করা হয়। পরে উন্মুক্ত করা হয় সুবহানীঘাট-চালিবন্দর সড়কটি।
এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, নগরীর রাস্তা ও ফুটপাতে কোনো ধরনের স্থাপনা তৈরি বা অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না। তিনি বলেন, অবৈধ দখলদারদের ব্যাপারে সিসিক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ দখলদারদের গুঁড়িয়ে দেওয়া হবে। রবিবার দিনব্যাপী নগরীর বন্দরবাজার, সুবহানীঘাট, শাহজালাল উপ-শহর ও মেন্দিবাগ এলাকায় অবৈধ গাড়ি স্ট্যান্ড, অবৈধ স্থাপনা ও ফুটপাত হকারমুক্ত অভিযান চালায় সিসিক।
মেয়র বলেন, নগরীর আনাচে-কানাচে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে গড়ে তোলা হয়েছে অবৈধ গাড়ি স্ট্যান্ড। এসব স্ট্যান্ড উচ্ছেদ করে নগরবাসীর চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেখানে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান অবস্থান করছে। তবে এখনো কিছু কিছু স্থানে রাস্তা দখল করে ট্রাক, পিকআপের অবৈধ স্ট্যান্ড রয়েছে, সেগুলোও উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন পর্যায়ক্রমে নগরের চৌহাট্টা, রিকাবীবাজার, সুবিদবাজারসহ সব স্থানে অভিযান চালানো হবে।