ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের পাঁচ নীতি

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাঁচ ধরনের নীতি গ্রহণ করেছে চীন। তবে এর মধ্যে দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধের মীমাংসা খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং। এই একটি বিষয়ের জন্য যাতে সম্পর্কের অবনতি না হয় সেই বিষয়টিকেই নতুন নেতৃত্ব গুরুত্ব দিতে চান। খবর এনডিটিভির। চীনের পাঁচ নীতির মধ্যে রয়েছে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া, একে অপরের সমস্যা এবং উদ্বেগককে গুরুত্ব দেয়া, কৌশলগত যোগাযোগ রক্ষা করে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেয়া, দুই দেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সীমান্ত সমস্যা দীর্ঘদিনের। এটি এমন একটি বিষয় যা সহজে হয়তো সমাধান হবে না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে; যাতে এক সীমান্ত সমস্যার জন্য অন্যান্য বিষয়গুলো আড়ালে পড়ে না যায়। আমাদের একে অপরের স্বার্থ রক্ষা করে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এর ফলে দুই দেশের সম্পর্কে এক নতুন মাত্রা পাবে।