কাপাসিয়ায় পুলিশের ওপর গ্রামবাসীর হামলা

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিকালে এক অপহূতকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছে। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাংচুর করে। আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি করে। পূর্বশত্রুতার কারণে গত ১৮ নভেম্বর রাতে প্রতিপক্ষের লোকজন উপজেলার কামড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিল্লালের বাড়ির খড়ের পালা ও বেড়ায় আগুন ধরিয়ে দেয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন ইসমাইল, শাহীন ও রাসেলের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় তার বাড়িতে হামলা লুটপাট করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মাল লুট করে। বিল্লালের ছোট ভাই ইউছুফকে (১৯) অস্ত্রের মুখে মারধর করে অপহরণ করে। বিল্লাল বাদী হয়ে কাপাসিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে। এসআই কুতুব ফোর্সসহ ভিকটিমকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশ আসামি ইসমাইলের বাড়ি থেকে অপহূত ইউছুফকে উদ্ধার করে। এসময় এজাহার নামীয় আসামিদের সহায়তায় গ্রামের ৩০/৩৫ জন যুবক পুলিশের উপর হামলা করে। এসআই কুতুবসহ ৩ পুলিশ আহত হয়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ইউছুফকে নিয়ে থানায় ফিরে আসে। কাপাসিয়া ও কালীগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।