সরস্বতীচন্দ্র
ছোট পর্দায় ক্লাসিক লাভ স্টোরি
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:০৭
গুণী চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়লীলা বানসালি টেলিভিশন সিরিয়াল নির্মাণ করছেন এ রকম কথা শোনা যাচ্ছিল অনেকদিন থেকে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে তার প্রথম টিভি সিরিয়াল ‘সরস্বতীচন্দ্র’। ১৮৮৭ সালে প্রকাশিত বিখ্যাত গুজরাটি উপন্যাস ‘সরস্বতীচন্দ্র’ অবলম্বনে এই টিভি সিরিয়ালের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। বলিউডে এর আগে এই ক্লাসিক উপন্যাস অবলম্বনে ‘সরস্বতীচন্দ্র’ নামেই ছবি নির্মিত হয়েছে যাতে অভিনয় করেছেন নূতন ও মনীষ। সঞ্জয়লীলা বানসালি ছোটপর্দার জন্য পুরোনো এই বিখ্যাত ক্লাসিক উপন্যাসের কাহিনী বেছে নিলেও এর প্রেক্ষাপটে ও পটভূমি গুজরাটকেই বেছে নিয়েছেন। বর্তমান সময়ের আলোকে চরিত্র ও ঘটনাবিন্যাস করা হয়েছে। এক জোড়া নরনারীর ভালোবাসার ক্লাসিক কাহিনী তুলে ধরার পাশাপাশি তাদের হূদয়ের টানাপোড়েন, প্রেম-বিরহ গাঁথা ছোট পর্দায় চিত্রিত করেছেন প্রখ্যাত চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার নিজস্ব স্টাইলে। ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটি দেখতে বসে দর্শকদের কেবলই মনে পড়ে যাচ্ছে পরিচালক বানসালির সাড়া জাগানো ব্যবসাসফল ছবি ‘হাম দিল দে চুকে সানাম’ ও ‘দেবদাস’-এর কথা। ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটি একই সঙ্গে স্টার প্লাস চ্যানেলে এবং দূরদর্শন চ্যানেলে একই সময়ে দেখানো হচ্ছে।
গুজরাটের গ্রামীণ পটভূমিকায় সিরিয়ালটির গল্প আবর্তিত হওয়ায় সেখানেই বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। দুবাইয়েও সিরিয়ালটি বেশকিছু অংশের শুটিং হয়েছে। সিনেমাটিক অনেক ট্রিটমেন্ট দেখা যায় বিভিন্ন দৃশ্যে। ফলে ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটি দেখাতে বসে দর্শক সিনেমার স্বাদ অনুভব করছেন। এখানে নায়িকা ‘কুমুদসুন্দরী’ চরিত্রে রূপদান করেছেন ছোটপর্দার মেধাবী অভিনেত্রী জেনিভার উইংগেট। এর আগে দর্শক তাকে ‘দিল মিল গ্যায়া’ সিরিয়ালে দেখেছে। এবারও দারুণভাবে বাজিমাত করেছেন তিনি। দর্শক এখন তাকে নিয়ে আলোচনায় মেতেছেন। এর মধ্যেই কুমুদসুন্দরী চরিত্রে সবাই জেনিফারকে গ্রহণ করেছেন। এই সিরিয়ালে তার পোশাক, গেটআপ, মেকআপ, অভিনয় ইত্যাদি দেখে ‘হাম দিল দে চুকে সানাম’-এর ঐশ্বরিয়া রাইয়ের কথা মনে পড়তে পারে। সরস্বতীচন্দ্র চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার উপস্থাপক ও মডেল গৌতম রোড়ে। গুরুত্বপূর্ণ এ ব্যতিক্রমধর্মী নায়ক চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলা কঠিন হলেও গৌতম তা করতে বেশ আন্তরিক ও সিরিয়াস বলে মনে হচ্ছে। ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালে সত্মায়ের খল চরিত্রে অভিনয় করছেন মনিকা বেদী। স্টার প্লাস চ্যানেল ও দূরদর্শনে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৮টায় ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটি দেখানো হয়।