যুক্তরাষ্ট্রে মর্টারের গোলা বিস্ফোরণে ৭ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের নেভাদায় সেনাবাহিনীর এক অস্ত্রাগারে মর্টারের গোলা বিস্ফোরিত হয়ে ৭ মেরিন সেনা নিহত হয়েছে। গোলা নিক্ষেপের প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। এতে আরো ৮ সেনা আহত হয়। মঙ্গলবার এ খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। মেরিনের এক কর্মকর্তা জানান, সোমবার রাতে পশ্চিম নেভাদার হাওর্থন অস্ত্রাগারে প্রশিক্ষণ চলাকালে একটি ৬০ মিলিমিটার মর্টারের গোলা নিক্ষেপের আগেই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এক সংবাদ সম্মেলেনে বিগ্রেডিয়ার জেনারেল জিম লুকেমান বলেন, “নিহত মেরিন সেনারা হাওর্থন অস্ত্রাগারে গোলা নিক্ষেপের প্রশিক্ষণ নিচ্ছিল। এ সময় মর্টার টিউবের ভিতরে একটি মর্টার গোলা বিস্ফোরিত হলে সাত সেনা নিহত হয়। আমরা এখনো এই দুর্ঘটনার কারণ জানতে পারিনি।” বিস্ফোরণে সাত মেরিন সেনা ও অপর একজন নৌসেনা আহত হয়েছে। এদের মধ্যে ওই নৌসেনাসহ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী সেনাদুর্ঘটনা। ২০১২’র ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়া-আরিজোনা সীমান্তে প্রশিক্ষণ চলাকালে দু’টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে সাত সেনা নিহত হয়েছিল।