সৌদি আরবে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ জন আটক

বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ জনকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এদের মধ্যে একজন ইরানি এবং একজন লেবাননের নাগরিক রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা ‘বিদেশি সংঘবদ্ধ গোয়েন্দা চক্রে’র সদস্য হিসাবে কাজ করত। গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী রিয়াদ ও মক্কাসহ সৌদি আরবের মোট চারটি অঞ্চলে সমন্বয়করণ এবং পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একজন ইরানি, একজন লেবানিজ এবং ১৬ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-তুরকি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, চারদিন আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের আদালতে হাজির করার পূর্বে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মনসুর জানান, এসব ব্যক্তি গুরুত্বপূর্ণ এলাকার সম্পর্কে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা সংস্থাগুলোকে তা সরবরাহ করত। তবে কোন কোন প্রদেশের তথ্য তারা যোগান দিত তা নিয়ে কোন কিছু বলেননি ঐ মুখপাত্র। এদিকে বিগত কয়েকদিন ধরে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই সারাদেশ থেকে দু’জন খ্রিষ্টান ধর্মযাজকসহ বেশ কয়েকজন শিয়া মুসলিমকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার মানবাধিকার কর্মীদের এমন অভিযোগের পর এই গ্রেপ্তারের খবর পাওয়া গেল। ২০১১ সালের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া অধ্যুষিত শহরগুলোতে শিয়া সমপ্রদায়ের লোকজনকে প্রান্তিক ও অবহেলিত করে রাখার অভিযোগ আনা হয়। যার ফলে সেসময় পুলিশ ও শিয়াদের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটে।