চীন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক
অভিন্ন স্বার্থ রয়েছে
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:৩৬
চীনের নতুন রাষ্ট্রপ্রধান শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাপক স্বার্থ রয়েছে। গত সপ্তাহে ক্ষমতা গ্রহণের পর শি জিনপিং প্রথম ওই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বক্তব্য রাখলেন। শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সফররত মার্কিন অর্থমন্ত্রী জ্যাকব লিউকে বলেন, ‘চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে আমাদের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে, তবে অনিবার্যভাবেই আমাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে।’
চীনের প্রেসিডেন্ট বলেন, এই সম্পর্ককে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত থেকে বিবেচনা করা দু’দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে হ্যাকিংয়ে সম্পৃক্ত রয়েছে এমন অভিযোগের প্রেক্ষাপটে লিউ এই এ কথা বলেন। এর ফলে দু’দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। তবে চীন এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে বলেছে বরং তারাই নিয়মিতভাবে হ্যাকিংয়ের শিকার হয়ে আসছে। শি বলেন, কৌশলগত ও দীর্ঘ মেয়াদী পরিপ্রেক্ষিতে দেখছেন দু’দেশই পারস্পরিক কল্যাণের দিকে অগ্রসর হতে সক্ষম হবে।