মেক্সিকোয় বন্দুকযুদ্ধে
১০ সন্দেহভাজন
অপরাধী নিহত
তোলুকা (মেক্সিকো) থেকে এএফপি
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:৩৭
মেক্সিকোর রাজধানীর পশ্চিমে এক পাহাড়ি এলাকায় মঙ্গলবার সেনা সদস্য ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে। মেক্সিকো সিটির প্রায় ১শ’ ৫০ কিলোমিটার পশ্চিমে পিনাল দেল মারকুইসাদো শহরে নিয়মিত টহল দেয়ার সময় সেনা সদস্যরা বন্দুকধারীদের হামলার শিকার হন। বন্দুকধারীরা সৈন্যদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। তবে সৈন্যদের কোন ক্ষতি হয়নি।
সেন্ট্রাল মেক্সিকো রাজ্যের নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, একটি গাড়িতে থাকা বন্দুকধারীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ১০ বন্দুকধারী নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড লাঞ্চার, পাঁচটি একে-৪৭ রাইফেল, দুটি এআর-১৫ অ্যাসল্ট রাইফেল, রাইফেলের ১৩টি ম্যাগজিন ও বেশকিছু গুলি উদ্ধার করেছে। মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিকোয়াকান রাজ্যের কাছে এ বন্দুকযুদ্ধ হয়েছে। মাদকের নিয়ন্ত্রণ নিয়ে মেক্সিকোর যেসব রাজ্যে প্রায়ই বিবদমান গোষ্ঠী ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয় তার মধ্যে মিকোয়াকান রাজ্য অন্যতম।