ফরাসি জিম্মির
শিরশ্ছেদ করেছে
আল কায়েদা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:৩৭
মালিতে ফরাসি সেনা হস্তক্ষেপের প্রতিশোধ হিসেবে এক ফরাসি জিম্মির শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা আল-কায়েদা ইন ইসলামিক মাগ্রেব (একিউআইএম)। একিউআইএম-এর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মৌরিতানিয়ার এএনআই বার্তা সংস্থা।
এএনআইয়ে একিউআইএম-এর এক কমান্ডার টেলিফোন করে জানান, “মালির উত্তরাঞ্চলে ফরাসি সেনা হস্তক্ষেপের প্রতিশোধ হিসেবে ১০ মার্চ ফিলিপ্পি ভেরদন নামের এক ফরাসি জিম্মির শিরশ্ছেদ করা হয়েছে।” ২০১১ সালের নভেম্বরে একিউআইএম-এর জঙ্গিরা ফরাসি ভূতত্ত্ববিদ ভেরদনকে উত্তর মালির হোমবরি থেকে আটক করে। শিরশ্ছেদের এই ঘটনাটি সত্য হলে ফ্রান্সের জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ পশ্চিম আফ্রিকায় এখনো ১৪ জন ফরাসি নাগরিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে জিম্মি হিসেবে আটক আছে। যাদের মধ্যে সাতজন একিউআইএম ও এর সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি হয়ে আছে।
তবে এএনআইয়ের এ প্রতিবেদনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। গতবছর উগ্রপন্থী ইসলামি জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিলে ফ্রান্স শঙ্কিত হয়ে ওঠে। উত্তরাঞ্চল থেকে জঙ্গিরা মালির রাজধানীর দিকে এগোতে থাকলে সেখানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স।