দেশের বিদ্যুত্ বিতরণ ব্যবস্থায় ঘূর্ণিঝড় ফণীর ক্ষত শিগগিরই দূর হচ্ছে না। রমজানে বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বহু এলাকায় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত লাইন পুরো মেরামতে আরো সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে।
একাধিক পল্লী বিদ্যুত্ সমিতি, পিডিবি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ে ট্রান্সফরমার ও বিদ্যুতের খুঁটিসহ ক্ষতিগ্রস্ত বিতরণ লাইন অপেক্ষাকৃত বেশি ক্ষতি হয়েছে।
ঝড়ের আগে থেকেই বিদ্যুত্ সরবরাহ বন্ধ রেখে ক্ষতি নিয়ন্ত্রণ করা গেছে। আবার অপেক্ষাকৃত কম ক্ষতি হয়েছে এমন লাইনগুলো গত দুই দিনে বেশ খানিকটা মেরামত করে সচল করা হয়েছে। আজ সোমবারও অনেক সংযোগ সচল করা যাবে। কিন্তু কিছু লাইন এমন ক্ষতির শিকার হয়েছে যেগুলোতে বেশি সময়ের দরকার হবে।
সংশ্লিষ্টরা জানায়, ফণীর প্রভাবে সারা দেশে প্রায় এক কোটি গ্রাহকের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়। বরিশাল, রাজশাহী ও খুলনা অঞ্চলের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় সাব স্টেশন এবং ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা শহরগুলোতে পিডিবির লাইন অপেক্ষাকৃত আগে সচল হলেও পল্লী এলাকায় আরইবির সংযোগ সচল হতে বেশি সময় লাগছে।