কাজীপুরের চরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

সহকারী শিক্ষা কর্মকর্তা সংকট, শিক্ষকদের গাফিলতি, কর্মস্থলে না থাকা, সঠিক নিয়মে পাঠদান না করাসহ নানা কারণে কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এলাকার অভিভাবক মহল তাদের ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে চরম উত্কণ্ঠায় রয়েছে। অর্জিত হচ্ছে না শিক্ষার কাঙ্ক্ষিত মান, বাড়ছে ঝরে পড়া শিশুর সংখ্যা ও শিশুশ্রম। বাশজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জামাল শিকদার জানান, অধিকাংশ শিক্ষক যমুনার পশ্চিম পাড়ের হওয়ায় যাতায়াত অসুবিধায় কারণে সঠিক সময়ে তারা বিদ্যালয়ে আসতে পারেন না। নিশ্চিন্তপুর এলাকার অভিভাবক আব্দুর রশিদ জানান, শিক্ষকগণ প্রায়ই অনুপস্থিত থাকেন, কর্মস্থলে অবস্থান না করায় বিদ্যালয়ে আসলেও কম সময় পাঠদান করে তাড়াতাড়ি চলে যান। এমতাবস্থায় আমরা ছেলেমেয়েদের পড়ালেখা নিয়ে হতাশায় হাবুডুবু খাচ্ছি। নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শিক্ষকদের দায়িত্বে অবহেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। শিশুশ্রম এবং বাল্যবিয়ের প্রবণতা বাড়ছে।