অগ্নিসংযোগের ঘটনায় ফুলবাড়িতে চারজন গ্রেফতার
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:১৬
দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামবাসীর কঠোর পাহারার মধ্যেও গত মঙ্গলবার রাতে জনৈক রঞ্জিতের বাড়িতে অগ্নিসংযোগ করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে চন্দন রায় নামের এক যুবক। সে ঐ গ্রামের বাবু রাম রায়ের ছেলে। গ্রামবাসী গতকাল বুধবার আটক চন্দনকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ নিয়ে একই রাতে ঐ গ্রামের ছয় বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হলো। পাহারারত গ্রামবাসী নূরুল ইসলাম, মাসুদ রানা ও পরিমল চন্দ বলেন, মঙ্গলবার রাতে গ্রাম পাহারার সময় আটক চন্দনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। ফলে গ্রামবাসী তাকে নজরদারিতে রাখে। এরই এক পর্যায়ে চন্দন রঞ্জিত রায়ের বাড়িতে অগ্নিসংযোগ করতে গেলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আতঙ্ক সৃষ্টির জন্য ছয় বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটনায় গত মঙ্গলবার পুলিশ তিন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের জামায়াত কর্মী নূরুল ইসলাম ও হাকিমপুর উপজেলার জাঙ্গাই গ্রামের জাকারিয়া এবং শিবিরের উপজেলা সভাপতি শামীম হোসেন (২২)।