অপহূত ছেলে ফিরলেও ব্যবসায়ী বাবার খোঁজ নেই

সাতকানিয়ার সোনাকানিয়া বোর্ড অফিস এলাকা থেকে এক ব্যবসায়ীকে অস্ত্রেরমুখে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে ব্যবসায়ী মোস্তাক আহমদকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। এসময় তিনি মোটরসাইকেলে ছিলেন। সঙ্গে ছিল তার ছেলে আকিবুল ইসলাম। আকিবুলকে অপহরণ করা হলেও প্রায় দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

গতকাল রবিবার বিকালে সাতকানিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন অপহূত ব্যবসায়ীর শ্যালক রেজাউল করিম। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ রাউন্ড গুলি ও একটি রেইনকোট উদ্ধার করে। অপহূত মোস্তাক সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমাদারপাড়ার ইসমাইল সওদাগর বাড়ির মৃত আঙ্গা মিয়ার ছেলে। সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় ভাই ভাই শপিংমল ও ভাই ভাই ক্লথস্টোর নামে দুটি কাপড়ের দোকান রয়েছে তার।

অপহূতের ছেলে ও সোনাকানিয়া মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আকিবুল ইসলাম বলেন, অপহরণকারীরা আমার বাবা ও আমাকে মুখোশ পরিয়ে বিল দিয়ে হাঁটিয়ে অপরিচিত স্থানে নিয়ে যায়। পরে তারা বাবাকে রেখে দিয়ে প্রায় ২ ঘণ্টা পর আমাকে ছিদ্দিকীয়া মহিলা মাদ্রাসার উত্তর পার্শ্বে সড়কের উপর ছেড়ে দিয়ে বলে, এই স্থান থেকে তুই ১০ মিনিট পর বাড়ি চলে যাবি। তোর মাকে গিয়ে বলবি, এক কোটি টাকা দিলে তোর বাবাকে ছেড়ে দেওয়া হবে। নইলে মেরে ফেলা হবে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর বলেন, অপহরণের ঘটনাটি সত্য।