সড়কে ঝরলো আরো ১০ জনের প্রাণ

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও গোপালগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে ভোলার চরফ্যাশনে ট্রাক উল্টে ৩জন, কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ উল্টে দুই শ্রমিক, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী এবং সাতকানিয়ায় পিকআপের চাপায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়। এবিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রাজধানীর বিমানবন্দর সড়কে গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোজাম্মেল হক (৪৮) নিহত হন। তিনি ব্যাংকের রূপগঞ্জ শাখার একজন  কর্মকর্তা ও ধামরাই উপজেলার বাসিন্দা। গতকাল রবিবার সকাল ১০টার দিকে বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল পাম্প গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মোজাম্মেল হককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

চরফ্যাশন (ভোলা): চরফ্যাশনের চরনিউটন               এলাকায় সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধে শনিবার সন্ধ্যায় ট্রাক উল্টে চালক হেলপারসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়। নিহতরা হলো নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের ট্রাকচালক আবু জাহের (২৫), চরফ্যাশন উপজেলার চরনিউটন গ্রামের হেলপার আনোয়ার হোসেন (১৫), চরমাদ্রাজ গ্রামের জাহিদুল ইসলাম শাকিব (১৫)।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুনকরা এলাকায় শনিবার সন্ধ্যায় জেনারেটর বোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়। নিহতরা হলো ভোলা জেলা সদরের বাংলা বাজার এলাকার আবুল বাসার বাসু (৪০) ও জেলার বড়নদী থানার মাইনকার হাট গ্রামের মন্তাজ মিয়া (৫০)।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের ধাক্কায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এজিএস শেখ মেজবাহ উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হয়। নিহত মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার শেখ মো. হুমায়ুন কবিরের ছেলে।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের কাইকুরদিয়া নামক স্থানে গতকাল রবিবার সকালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আউয়াল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি ইটনা উপজেলার বড়িবাড়ি গ্রামে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় গতকাল রবিবার দুপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত সাইফুল আলম আনোয়ারা উপজেলার চাতরী এলাকার মফিজ উল্লাহর পুত্র। এসময় ঘাতক বাসটি পালিয়ে যায়।

সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের কাইয়ুমের পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন (২৪) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। জানা যায়, গত শনিবার রাতে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শেষে পিকআপ যোগে কেরানীহাট এলাকায় ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে মিয়ানমারের মন্ডু জেলার বাহারছড়া নুরুল্লা পাড়ার (বর্তমান উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্প বাসিন্দা) নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ হোসেন (২৪) নিহত হয়।