বিশ্বকাপ ফুটবলের
চূড়ান্ত পর্বের ড্র
৬ ডিসেম্বর
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:৪৮
ব্রাজিলের সমুদ্র তীরবর্তী বিনোদন রিসোর্ট কোস্টা ডো সোপিতে আগামী ৬ ডিসেম্বর ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ব্রাজিলিয়ান আয়োজকদের সাথে এক সভা শেষে বিশ্ব ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা এই ঘোষণা দেয়।
ফিফা এক বিবৃতিতে জানায়, ‘আয়োজকদের সাথে আলোচনা শেষে উভয়পক্ষের সম্মতিতে এটা নিশ্চিত হয়েছে যে, বাহিয়া প্রদেশের কোস্টা ডো সোপিতে আগামী ৬ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হবে।’
সভা শেষে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্বকাপকে সামনে রেখে নির্মিতব্য স্টেডিয়ামগুলোর ধীরগতির নির্মাণকাজ সত্ত্বেও যথাসময়ে ব্রাজিল বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলেই আমি মনে করি। বাসস/এএফপি