পিটারসেনকে ছাড়াই নামতে হচ্ছে ইংল্যান্ডকে

কেভিন পিটারসেনকে ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ধারক শেষ টেস্টে মাঠে নামতে হচ্ছে সফরকারি ইংল্যান্ডকে। অন্যদিকে জেমস অ্যান্ডারসন খেলবেন চতুর্থ ইংলিশ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকারের লক্ষ্য নিয়ে। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হওয়ায় বাংলাদেশ সময় আজ রাত ৩.৩০ থেকে অকল্যান্ডে শুরু হতে যাওয়া টেস্টটিই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। চলতি সফরের শুরুতে কুইন্সটাউনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময়ই ব্যথাটা প্রথম অনুভব করেন পিটারসেন। তবে ব্যাপারটাকে পাত্তা না দিলেও তখন ডানেডিন টেস্টে আবারো ফিরে আসে এই ব্যথা। ঐ টেস্টে ৭৩ রান করলেও ব্যাটিংয়ে মোটেই স্বচ্ছন্দ মনে হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানকে। তৃতীয় টেস্টের আগে চোটটি গুরুতর আকার ধারণ করায় শেষ টেস্টে আর মাঠে নামা হচ্ছে না তার। ধারণা করা হচ্ছে, তরুণাস্থি ক্ষয়প্রাপ্ত হবার কারণেই সৃষ্টি হয়েছে এই ইনজুরির। এই ইনজুরির ফলে পিটারসেনকে আট সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে এই সিরিজের পরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিরতি সিরিজও মিস করতে পারেন তিনি। আগামী মে মাসের ১৫ তারিখ লর্ডস টেস্টের মাধ্যমে শুরু হচ্ছে সিরিজটি। একই সঙ্গে তিনি মিস করবেন আগামী এপ্রিলের তিন তারিখ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম দিকের ম্যাচগুলোও। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘কুইন্সটাউনের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় পিটারসেন হাঁটুতে ব্যথা সৃষ্টি হয়েছে। চোটের আশাব্যঞ্জক কোন উন্নতিও হয়নি। সামপ্রতিক স্ক্যানে দেখা গেছে তার ডান হাঁটুর ‘নিক্যাপ’ তরুণাস্থি ক্ষয়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩২ বছর বয়সী এই খেলোয়াড় আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যাবেন।’ পিটারসেনের অসুস্থতায় দলে ডাক পেতে পারেন ইয়র্কশায়ারের তরুণ ব্যাটসম্যান জনি বায়ার্সটো। এই সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে খেললেও ভারতের বিরুদ্ধে সর্বশেষ সিরিজের পরে টেস্ট দলে খেলা হয়নি তার। এদিকে অ্যান্ডারসন মাঠে নামছেন দারুণ এক মাইলফলক সামনে রেখে। ২৯৫ টি টেস্ট উইকেটের মালিক এই পেসার আর পাঁচটি উইকেট পেলেই স্পর্শ করবেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম, বব উইলিস এবং ফ্রেড ট্রুম্যানের রেকর্ড। কারণ ইংল্যান্ডের পক্ষে এই তিনজন বাদে তিনশ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি আর কারো। ইংল্যান্ডকে এই টেস্টে হারাতে পারলে ব্ল্যাকক্যাপসরা দ্বিতীয়বারের মতো ইংলিশদের বিরুদ্ধে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে। এজন্য দলের উপর বাড়তি কোন চাপ অনুভূত হচ্ছে এমনটা মানতে নারাজ দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান রস টেইলর। তিনি বলেন, ‘আমরা এখন এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা সব সময় থাকি না। গত কিছুদিনের ভাল খেলার ফলাফল এটা। তবে আমরা জানি ইংল্যান্ডের এই দলটাকে হারাতে হলে আমাদের পাঁচটি দিন নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে অবশ্যই জেতা সম্ভব।’