শক্তিশালী স্থানীয় সরকারের জন্য গণতন্ত্র অপরিহার্য
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো গণতন্ত্রের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেছেন, নিরবচ্ছিন্ন গণতন্ত্র ছাড়া শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হচ্ছে-কেন্দ্রীয় সরকারকে নীতি-প্রণয়ন, তদারকি ও বাজেট প্রণয়নে সম্পৃক্ত রাখার। অপরদিকে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবে স্থানীয় সরকার। কিন্তু এজন্য গণতন্ত্রের স্থায়ী ধারার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হওয়ায় জনপ্রতিনিধিরা যে জনগণের সেবক-এ ধারণার বাস্তব রূপায়ন হয়নি।
প্রধানমন্ত্রী গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ‘মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ’ এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম যৌথভাবে দু’দিনের এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এলজিআরডি সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লি¬উ মজিনা, ডেনমার্কের রাষ্ট্রদূত এজভেন্ট অলি¬ং, ভারতের অল ইন্ডিয়া ইনিশিয়েটিভ অব লোকাল সেল্ফ গভর্নমেন্টের প্রেসিডেন্ট ড. জতিন ভি মোদি, ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু ও মিউনিসিপ্যাল এসোসিয়েশনের মহাসচিব শামীম আল রাজিব বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন মিউনিসিপ্যাল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আজমত উল্ল¬াহ খান।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অধিকাংশ সময় সামরিক শাসন এবং সামরিক একনায়কতন্ত্র বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করায় স্থানীয় সরকার সংস্থাগুলোর ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি হয়নি। ‘জনগণকে যেন রাজধানী বা বিভাগীয় শহরগুলোতে যেতে না হয়, সে লক্ষ্যে সরকার শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃংখলা ও অবকাঠামো স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে চায়’ উল্লে¬খ করে তিনি বলেন, ‘আমরা আমাদের সকল কর্মকাণ্ড স্থানীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই।’ প্রধানমন্ত্রী জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে তার সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিগত চার বছরে জাতীয় সংসদের ১৫টি আসনের উপ-নির্বাচনসহ ৫ হাজার ৫৫১টি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ ওঠেনি।