নোয়াখালীর মন্দির বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মামলা ডিবিতে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ গ্রামে হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে । জেলা ডিবির ওসি খোন্দকার গোলাম শাহ নেওয়াজকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। একই সাথে এ মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিলকে জেলার কোম্পানীগঞ্জ থানায় বদলি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নোয়াখালীর ভারপ্রাপ্ত এসপি মাহবুবুর রশীদ এ তথ্য জানিয়েছেন। এসপি আরো জানান, থানা পুলিশকে দৈনন্দিন নানা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিধায় দ্রুত তদন্ত কাজ শেষ করতে ডিবি পুলিশকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বিধি অনুযায়ী ওসি তদন্তকে অন্যত্র বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন ওসি ইব্রাহিম খলিল। গত ২৮ ফেব্রুয়ারি যুুদ্ধাপরাধী ট্যাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় জামায়াত-শিবির কর্মী-ও সমর্থকসহ একশ্রেণীর সুযোগ সন্ধানী রাজগঞ্জ বাজার, পার্শ্ববর্তী টঙ্গীরপাড় ও আলাদীনগর গ্রামের ৮টি হিন্দু বাড়িঘর, ৬টি মন্দিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় গুলিতে দুই ব্যক্তি নিহত ও অর্ধ শতাধিক আহত হয়।