ডিএমকে’র পদত্যাগে
সরকারের ক্ষতি
হবে না :ইউপিএ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:১৯
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার থেকে তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে বেরিয়ে গেলেও সরকারের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছে ইউপিএ জোট। গতকাল বুধবার ডিএমকে’র পাঁচজন মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তামিল ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন জানিয়েছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
সংসদে দলটির ১৮ জন সংসদ সদস্য এবং পাঁচজন মন্ত্রী রয়েছে। গতকাল অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, সরকার স্থিতিশীল আছে এবং থাকবে। ডিএমকে বেরিয়ে যাওয়ায় সরকারের কোনো ক্ষতি হবে না। নগর উন্নয়নমন্ত্রী কমল নাথ সাংবাদিকদের বলেন, আমাদের সরকার পঙ্গু না। এমন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব হয়নি যে দল আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে হুমকির মুখে ফেলতে পারে। মঙ্গলবার শ্রীলঙ্কার তামিল ইস্যুতে ডিএমকে অভিযোগ করে, জাতিসংঘের মানবাধিকার কমিশনে শ্রীলঙ্কার সরকার তামিলদের ওপর যে গণহত্যা চালিয়েছিল সেই সম্পর্কে জোরালো কোনো ভূমিকা পালন করেনি ভারত সরকার। বিষয়টিকে হালকাভাবে নিয়েছে সরকার। এর প্রতিবাদে মঙ্গলবার দলটির প্রধান করুণানিধি জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। সরকার যদি তাদের দাবি মেনে সংসদে নিন্দা প্রস্তাব আনে তাহলে জোট ছাড়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। গতকাল তামিলনাড়ুতে তামিলদের পক্ষে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে ডিএমকে।