সাদ্দাম থাকলে ইরাকের
দশা হত বর্তমান
সিরিয়ার চেয়েও খারাপ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২০
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সাদ্দাম হোসেনকে না সরালে ইরাকের দশা হত বর্তমান সিরিয়ার চাইতে বেশি খারাপ। মুসলিম বিশ্বে আরব বসন্তের যে জোয়ার বয়ে যাচ্ছে তার থেকে সাদ্দাম কোন ভাবেই বাদ পড়তেন না। তার ইরাক আক্রমণ সঠিক ছিল দাবি করে ব্লেয়ার তার সিদ্ধান্তকে সমর্থন দেয়ার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানান। ইরাক আক্রমণের ১০ বছর পূর্তি উপলক্ষে বিবিসি’র সাথে এক সাক্ষাতকারে টনি ব্লেয়ার এসব কথা বলেন।
টনি ব্লেয়ার বলেন, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, সাদ্দাম এখনো ক্ষমতায় থাকলে তার নিজ দেশের মানুষেরাই তার বিরুদ্ধে জেগে উঠতেন। তারা তাদের অধিকারের জন্য লড়াই করতেন। এ অবস্থায় ইরাকের অবস্থা বর্তমান সিরিয়া কিংবা তার চাইতে আরো অনেক বেশি খারাপ হত। এ কারণে কোন মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে আমি সদ্দামকে উত্খাতের জন্য অনুতপ্ত কিনা? আমার স্পষ্ট জবাব - না।
উল্লেখ্য, ইরাকে হামলা চালানোর জন্য টনি ব্লেয়ারকে নিজ দেশে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ২০০৩ সালের ২০ মার্চ শুরু হওয়া ইরাক যুদ্ধে আমেরিকার নেতৃত্বে ৪৫ হাজার ব্রিটিশ সৈন্য অংশ নেয়। ইরাক যুদ্ধে নিহত হয় প্রায় ১০ লক্ষের মত ইরাকি নাগরিক। ব্রিটেনের অর্থনৈতিক মন্দার একটি অন্যতম কারণ হিসেবেও টনি ব্লেয়ারের ইরাক আক্রমণকে দায়ী করা হয়। সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে এমন অজুহাতেই ইরাকে আক্রমণ করা হয়েছিল। ব্রিটেনের মানুষ মনে করে, টনি ব্লেয়ার সম্পূর্ণ মিথ্যা অজুহাতে ইরাক আক্রমণে অংশ নিয়েছেন। ব্লেয়ারের ইরাক যুদ্ধে অংশ নেয়া সঠিক ছিল কিনা তা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটিও গঠিত হয়। ঐ কমিটির কাছে বেশ কয়েকবার তাকে জবাবদিহি করতে হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ‘ছিলকট ইনক্যুয়ারি’ নামের ঐ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।
এদিকে মঙ্গলবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে দেখা যায়, ব্রিটেনের ৭০ শতাংশ মানুষ ব্লেয়ারের যুক্তির সাথে একমত নন। বিবিসি’র সাক্ষাত্কারে ব্লেয়ার তার সিদ্ধান্তকে সমর্থন দেয়ার দাবির প্রেক্ষিতে স্বনামধন্য জরিপকারী প্রতিষ্ঠান ইপস্স মোরি এ জরিপ পরিচালনা করে।