সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২১
বাগেরহাট, ঝিনাইদহ, ত্রিশাল ও কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। ইত্তেফাক সংবাদদাতারা এ খবর জানিয়েছেন।
বাগেরহাট:জেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নুরুল আমিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন। গতকাল বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের উপজেলার বকুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল, পিরোজপুর ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুল আমিন মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে খুলনাগামী কামিনী এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সড়কের কয়ারগাছি পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়লে অর্ধশতাধিক বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে গতকাল ট্রাক চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। ত্রিশাল থানা পুলিশসূত্রে জানা যায়, গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইন বোর্ড নামক স্থানে মোটর সাইকেল আরোহী ধলিয়া কলেজের অধ্যাপক শামীম আহমেদকে (৩০) ময়মনসিংহগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শামীমের বাড়ি ভালুকা উপজেলার কাঠালীবন্দ গ্রামে।
কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় গতকাল দুপুরে লুত্ফর রহমান (৩৭) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পাটগ্রাম থেকে রংপুরগামী শাহগরিবুল্লাহ নামে একটি যাত্রীবাহী বাস উপজেলার তুষভান্ডার বাজার নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।