শেরপুর বিএনপি সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২১
জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপনকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকে শেরপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ ও সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদূল হক রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে স্বপন তার সমর্থক বিএনপি নেতাদের নিয়ে জেলা বিএনপি’র ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। একইসাথে আগামী সাতদিনের মধ্যে ঐ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হলে জেলা বিএনপি এবং ১১টি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কথাও বলা হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে জেলা বিএনপি কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গেল। সম্মেলনে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান তারা, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম চাঁন, জেলা বিএনপি’র যুব সম্পাদক উজ্জল সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।