বাকৃবি এলাকায় ব্যবসায়ী খুন
প্রতিবাদে ভাঙচুর অগ্নিসংযোগ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ওই রাতেই একদল লোক জড়ো হয়ে বেশ কিছু বাড়িঘর-দোকানপাট ভাংচুর এবং গতকাল বুধবার দুপুরে ৬টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ১৩ নং বয়রা ইউনিয়নের কাঠগোলা বাজার এলাকায় হালিমুর রেজা হালিম (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত হালিমুর রেজার বাড়ি একই ইউনিয়নের দিঘারকান্দা গ্রামে। হালিমের নিহত হওয়ার খবর তার গ্রামে পৌঁছালে গ্রামের বিক্ষুব্ধ জনতা রাতে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে বেশ কিছু দোকানপাট ভাংচুর করে। এদিকে এ ঘটনার জের ধরে গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ১৩ নং বয়রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেকের নেতৃত্বে শতাধিক লোক লাঠি-সোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বয়রা ইউনিয়নের চকছত্রপুর গ্রামে হামলা চালায়। এসময় অন্তত ৬টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে চকছত্রপুর গ্রামের বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। নিহত হালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। একটি টেন্ডার নিয়ে বয়রা ইউনিয়নের দু’টি গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করছে। ময়মনসিংহ কোতয়ালী থানার ওসি (তদন্ত) মাজেদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।