রামুর ঘটনায় বিচার
বিভাগীয় তদন্ত শুরু
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২৪
গত বছর ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলার ঘটনায় অবশেষে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়ার নেতৃত্বে প্রতিনিধিদল রামুতে পৌঁছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লী পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে। কমিটির অপর দুই সদস্য, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শরীফ মোস্তফা করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের উপ-সচিব মোঃ জহুরুল ইসলাম রোহেল।
তদন্ত কমিটি প্রধান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়া সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ও পল্লী পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণাদি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে হাইকোর্ট বিভাগে জমা দেয়া হবে। তদন্ত কমিটি আগামী ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাক্ষ্য গ্রহণসহ তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে তদন্ত সময় বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত বছর ৩ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন করেন রামুর বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করে, বিচার বিভাগীয় তদন্তের জন্য গত বছর ১৩ ডিসেম্বর পৃথক দরখাস্ত করেন আইনজীবী।
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গত বছর ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলা হয়। বারটি বৌদ্ধবিহার ও ৩০টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। আরও ছয়টি বৌদ্ধবিহার ও শতাধিক বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়।