রাবির নতুন উপাচার্য
অধ্যাপক মিজান
উদ্দীন
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২৫
রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দিন। উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর আইনের ১১ (ক), (খ) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য নতুন উপাচার্য ও উপ-উপাচার্যকে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য গতকাল শিক্ষা মন্ত্রাণলয় থেকে ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার কথা স্বীকার করেছেন অধ্যাপক মিজান উদ্দিন।
গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুস সোবহান ও উপ-উপাচার্য, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কার্যত ২২ দিন ওই পদগুলোতে শূন্যতা তৈরি হয়।
অধ্যাপক মিজান উদ্দিন ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এ পর্যন্ত শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, নাট্যকলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক সমাজ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।