গতকাল শুরু হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে পুরো শক্তির দল খেলাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। খেলছেন না ক্রিস গেইল। তার বদলে বিশ্বকাপ দলের বাইরে থেকে এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন জন ক্যাম্পবেল। সুযোগটা দুই হাত ভরে লুফে নিলেন তিনি। সেই হোপের সঙ্গে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড করে ফেললেন ক্যাম্পবেল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিনা উইকেটে ৩৬৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটিতে এটা সর্বকালের সেরা রান। শেষ পর্যন্ত ক্যাম্পবেল ১৩৭ বলে ১৭৯ রান করে ফেরেন। আর হোপ আউট হন ১৫২ বলে ১৭০ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলেছে।
প্রথম উইকেট জুটিতে এর আগে বিশ্বরেকর্ড ছিল ৩০৪ রান। গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে এই রেকর্ড করেছিলেন পাকিস্তানের ইমাম-উল-হক ও ফাখার জামান। তারা ভেঙেছিলেন ২০০৬ সালের উপল থারাঙ্গা ও সনথ জয়াসুরিয়ার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রান করেছিলেন থারাঙ্গা-জয়াসুরিয়া। এবার সবাইকে টপকে গেলেন হোপ ও ক্যাম্পবেল।
যে কোনো উইকেট জুটির বিবেচনাতেই হোপ ও ক্যাম্পবেলের ৩৬৫ রান ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও ক্যারিবীয়দের দখলে। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭২ রান করেছিলেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস; সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন গেইল।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে মাত্র পঞ্চম বার কোনো জুটি ৩০০ রান পার করল। ইমাম-ফাখার, হোপ-ক্যাম্পবেল এবং গেইল-স্যামুয়েলস ছাড়া দুটি জুটি আছে তিনশ পার করা; দুটিই ভারতের। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৩১ রান করে এক সময়ের সেরা জুটির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। এছাড়া দ্বিতীয় উইকেটেই সেই ১৯৯৯ সালেই ৩১৮ রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়।
গতকাল ক্যাম্পবেল ও হোপের এই জুটি ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চয়ই বিশ্বকাপের আগে নতুন আত্মবিশ্বাস দেবে। তাদের রিজার্ভ বেঞ্চের শক্তিটা অন্তত প্রমাণ হয়ে গেল এই সময়ে। সঙ্গে ক্যাম্পবেল নিজের জন্য জোরদার দাবি তুলে রাখলেন।