না’গঞ্জে ত্বকী হত্যায় একজন রিমান্ডে

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রিফাত বিন ওসমানকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালে রিফাতকে গ্রেফতারের পর দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের উপ-পরিদর্শক আশরাফুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে শুনানিতে মামলার বাদী রহস্য উদঘাটনসহ তথ্য জানতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের ভাষ্যমতে, বুধবার ভোরে শহরের আমলাপাড়া এলাকা থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। আদালতের হাজতে নেয়ার পর রিফাত সাংবাদিকদের জানিয়েছেন, গত ১০ মার্চ ডিবি পুলিশের একটি টিম আমলাপাড়া থেকে রিফাতকে আটক করে নিয়ে যায়। রিফাতকে ডিবি কার্যালয়ে ১০ দিন আটকে রেখে নির্যাতন চালায়। বিষয়টি জানলেও পুলিশ ও ডিবি তা অস্বীকার করেছিল। ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথমবারের মতো কাউকে পুলিশ গ্রেফতার দেখালো। মামলার এজাহারে কোন আসামির নাম না থাকলেও ১৮ মার্চ ত্বকীর বাবা রফিউর রাব্বি পুলিশ সুপারের কাছে একটি অবগতি পত্র দেন যেখানে রিফাতের নাম ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, বুধবার ভোরে শহরের কালীরবাজার এলাকা থেকে রিফাত বিন ওসমানকে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার ওসমান গনির ছেলে। ত্বকী হত্যাকাণ্ডে রিফাতের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ত্বকী হত্যাকাণ্ডের ৪ দিন পরেই রিফাতকে আটক করা হয়। কিন্তু এতদিন পুলিশ সেটা স্বীকার করেনি। রিফাতের দেয়া তথ্যের ভিত্তিতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তার কাছ থেকে উদ্ধার করা কিছু ক্লু ধরেই পুলিশ এগুতে থাকে। ওই সব ক্লু নিশ্চিত হওয়ার পরেই বুধবার পুলিশ রিফাতকে গ্রেফতার দেখায়। শামীম ওসমানসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এসপিকে চিঠি ত্বকী হত্যাকাণ্ডে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ৭ জন যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য পুলিশ সুপারের কাছে লিখিত চিঠি দিয়েছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। বুধবার বিকালে রফিউর রাব্বি পুলিশ সুপারের কার্যালয়ে চিঠিটি প্রদান করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তালিকাভুক্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা এবং তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ত্বকী হত্যাকাণ্ডে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা-কর্মীরা। এসময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘদিন পরও পুলিশ কোন অগ্রগতি দেখাতে পারেনি। রহস্য উদঘাটন করতে পারেনি। কয়েকজনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের নিকট চিঠি দেয়া হলেও তাদের অনেকেই দেশত্যাগ করেছে বলে শোনা যাচ্ছে।