এবার বৃদ্ধাকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা!

আড়াইহাজারে আমেনা বিবি নামের ৭০ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমেনা  ওই গ্রামের মৃত আ. গফুরের বিধবা কন্যা। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তাঁর শোবার ঘরেই তাকে হাত-পা বেঁধে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, নিহতের শরীরে থাকা কিছু স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। স্থানীয় এক বখাটেকে রাতে বৃদ্ধার ঘরে দেখা গেছে। স্বর্ণ লুট করতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এস আই বিজয় কুমার জানান, সকালে স্থানীয় লোকদের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির হাত-পা বাঁধা ছিল। তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা মহিলাটির হাত-পা বেঁধে ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরের মধ্যেই পুড়ে মারা যান বৃদ্ধা। লাশ দেখতে এলাকার শত শত মানুষ ভিড় জমাচ্ছে।

জানা গেছে, উচিত্পুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর পর থেকে বাবার বাড়ি উলুকান্দীতে থাকতেন আমেনা। তাঁর মেয়ে আয়না বিবি ঘটনার রাতে ঢাকায় ছিলেন। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১.৪৫ মিনিটের দিকে মহিলার ঘরে আগুন জ্বলে উঠতে দেখে অনেক চেষ্টা করেও তাকে বের করা বা বাঁচানো সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ঘরটিসহ বৃদ্ধাকে ভস্মীভূত করে ফেলে। তবে কে বা কারা তাঁর হাত-পা  বেঁধে ঘরে আগুন দিয়েছে এ সম্পর্কে তারা কিছুই জানেন না।

পুলিশের একটি সূত্র জানায়, বৃদ্ধার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার জন্যও এই ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে না হত্যার পর ঘরে আগুন দেওয়া হয়েছে তা ময়নাতদন্তের আগে বলা যাবে না। এ ব্যাপারে নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত ও আসামি গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।