অস্ট্রেলিয়ায় কপ্টার বিধ্বস্ত, নিহত ৪

সিডনির দক্ষিণে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছে। পাহাড়ের ওপর একটি জনপ্রিয় অনুষ্ঠান কেন্দ্রে এই বিধ্বস্তের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এ কথা জানায়। পুলিশ জানায়, সিডনি থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণের বুলি টপস-এ বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে পুলিশ এ ঘটনায় চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিল তা জানা যায়নি। তবে এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির কোন আরোহী জীবিত নেই। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, হেলিকপ্টারটি আগুন ধরে বিধ্বস্ত হওয়ার আগে একটি গাছে আটকে ছিল। এটি পাহাড়ে একটি অনুষ্ঠানস্থলে অবতরণের চেষ্টা করে। এবিসির খবরে বলা হয়, ওই কেন্দ্রের কর্মীরা বিকট শব্দ শুনে বাইরে এসে হেলিকপ্টারটি আগুনে পুড়ে যেতে দেখেন।