ব্যাংকগুলোয় শিশু দিবাযত্ন কেন্দ্র চালুর পরামর্শ

দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোতে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান ব্যাংকিং খাতে নিয়োজিত কর্মবলের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শিশু সন্তান রয়েছে এমন নারী কর্মকর্তা বা কর্মচারীদের কর্মক্ষমতা তাদের সন্তানদের সেবা ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঘোষিত এবিসি অব উইমেন ওয়ার্কার্স রাইটস এন্ড জেন্ডার ইকুইলিটি শীর্ষক নীতিমালায় লিঙ্গ ভেদাভেদ ব্যতিরেকে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা বা কর্মচারীদের শিশু সন্তানদের বিনা খরচে অথবা তাদের সাধ্যানুযায়ী খরচের মধ্যে উপযুক্ত শিশু পরিচর্যার সুবিধা দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারি অফিসে এরূপ শিশু দিবাযত্ন কেন্দ্র থাকলেও দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ ধরনের কেন্দ্র প্রায় নেই বললেই চলে। এজন্য যেসব ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র নেই, সেসব তফসিলি ব্যাংককে এককভাবে বা নিকটবর্তী স্থানে যৌথভাবে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের পরামর্শ দেয়া যাচ্ছে। ব্যাংকসমূহ এ উদ্দেশ্যে ওই কেন্দ্রে শিশু ভর্তি, ভর্তি ফি, তথ্য সংরক্ষণ, সেবার মান, নিরাপত্তা বিধান ইত্যাদি সংক্রান্ত একটি নীতিমালা পরিচালক পর্ষদের অনুমোদন নিয়ে প্রণয়ন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।