এসএমই বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ সেমিনার কাল
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:১০
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) শিল্প বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনব্যাপী যৌথ সেমিনার আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সেমিনারের মাধ্যমে দু দেশের এমএসএমই সেক্টরের সহযোগিতার নতুন ক্ষেত্র এবং উদ্যোক্তা ও বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আয়োজকরা আশা করছেন। গতকাল সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সেমিনার সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। সন্দীপ চক্রবর্তী বলেন, উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমএসএমই ভারতের চেয়ে বাংলাদেশে বেশি ভূমিকা রাখছে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি যুক্ত হলে এটি আরো বেশি কার্যকর হতে পারে। আর ভারত বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারবে। অন্যদিকে ক্ষুুদ্র ঋণের ক্ষেত্রে বাংলাদেশ খুব পারদর্শী। এক্ষেত্রে ভারতও এ বিষয়ে জানতে পারবে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় সে বিষয় ছাড়াও কিভাবে এদেশে ভারতের বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, সেমিনার থেকে বেরিয়ে আসা পরামর্শগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।
সুকোমল সিংহ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষুুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি সুন্দর কর্মপরিবেশ তৈরি করা প্রয়োজন। সেমিনারের মাধ্যমে সে বিষয়ে পথ পরিষ্কার হবে। প্রথমবারেরমত দু’দেশের এসএমই সেক্টরের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ গৃহীত হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) যৌথভাবে মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) বিষয়ে দিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করছে। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিতব্য ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ, আইবিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমাদসহ অনেকেই উপস্থিত থাকবেন। এছাড়া ভারতে ক্ষুুদ্রশিল্প উন্নয়ন ব্যাংকের (সিডবি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুশীল মোহনত্, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ইন্ডিয়া (এনএসআইসি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. এইচ পি কুমার এবং ইন্টেগ্রেটেড এসোসিয়েশন অব মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ অব ইন্ডিয়া (আইএমএসএমই) চেয়ারম্যান রাজীব চাওলা সেমিনারে বক্তৃতা করবেন।