বিশ্বব্যাপী আবাসন খাতে এ বছর বিনিয়োগ বাড়বে ১৪%
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:১০
চলতি ২০১৩ সালে বিশ্বব্যাপী আবাসন খাতে বিনিয়োগ বাড়বে গত বছরের তুলনায় ১৪ শতাংশ। এর পরিমান ১ লাখ কোটি মার্কিন ডলারে (১ ট্রিলিয়ন ডলার) পৌঁছাতে পারে। গত বছর এই খাতে বিনিয়োগ বেড়েছিল ৬ শতাংশ। এ সময় প্রায় ৯২ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ হয়। আবাসন খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন রোফ্রোনো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ রকম ভবিস্যদ্বানি করেছেন। আর এ বছর আবাসন খাতে বিনিয়োগ করা অর্থের ১০ থেকে ১২ শতাংশই হবে অস্ট্রেলিয়ায়।
তিনি বলেন, ২০০৭ সালের পর প্রথমবারের মতো এ খাতে বিনিয়োগ এতটা বাড়বে। পুরো বিশ্বে অর্থসংকট শুরুর আগে আবাসন খাতে অর্থসরবরাহ বেশি ছিল। ২০০৮ সালের অর্থনৈতিক সংকট শুরুর পর এ খাতে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। অর্থনৈতিক সংকটের আগের বছর অর্থাত্ ২০০৭ সালে বিনিয়োগকারীরা এ খাতে ১ লাখ ২৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করেন।